দেশে হামের টিকার মজুত স্থিতিশীল রয়েছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে হাম নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। পরিস্থিতি জটিল হওয়ার পেছনে আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা ব্যবস্থাপনায় অবহেলা ছিল বলে মন্তব্য করেন তিনি। তবে সরকার সেই সংকট কাটিয়ে উঠছে এবং বর্তমানে টিকার সরবরাহ স্থিতিশীল রয়েছে।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে এবং আরও টিকা মজুত রয়েছে। দুর্নীতি ও অযথা বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি, বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে এবং ৩ মে থেকে সারাদেশে তা সম্প্রসারণ করা হবে। তবে বুধবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, ৩ মে নয়, ২০ এপ্রিল থেকেই সারাদেশে হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে।