নির্বাচন আচরণবিধি অনুসরণ করে শাহবাগে গণসংযোগের মধ্য দিয়ে ঢাকা-৮ আসনে প্রচারণা কার্যক্রম শেষ করেছেন ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা একে অপরের সহযোগী এবং কারও বিপক্ষের শক্তি নন। তিনি জানান, ঢাকা-৮ আসনে ইনসাফ ও ন্যায়বিচারের পক্ষে একসঙ্গে কাজ করাই তাদের লক্ষ্য। তার ভাষায়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে কাজ করতে চান তারা।
জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না, বরং এই জোট থেকে তারা সহযোগিতা পেয়েছেন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয় বলেই তাদের সঙ্গে জোটে যাওয়া হয়েছে।
প্রচারণার শেষ দিনে শাহবাগ এলাকায় গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের আগে শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন নিশ্চিত করতে এই গণসংযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তার সমর্থকরা।