দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে আগামী ৭ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। শনিবার (৬ ডিসেম্বর) একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে, যেখানে প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১ আগস্ট ২০২৫ থেকে যারা পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেছিলেন, তারাই শুধুমাত্র পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক মাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন।
কৃষি মন্ত্রণালয় জানায়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে এবং সরবরাহ ভারসাম্য বজায় রাখতে এই সীমিত আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সম্প্রতি দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৩০–৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় বাজারচাপ কমাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।