অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার সব রাজনৈতিক দলকে সন্তুষ্ট করলেও জনগণকে ফাঁকি দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এই আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের কোনো নিশ্চয়তা নেই, বরং বাহাত্তরের সংবিধানের পথেই আবার হাঁটা হচ্ছে।
শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তনের লক্ষ্যে এগোচ্ছিলাম। কিন্তু এই আদেশের মাধ্যমে যেন ‘এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি’ চালানো হচ্ছে। গণভোটে ৪টি হ্যাঁ ভোটের প্যাকেজে অস্পষ্টতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারকে এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এরপরই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। আইনি ভিত্তি থাকলেও এই সনদের নৈতিক ভিত্তি এখনও নেই। সদিচ্ছা থাকলেও দুই দলীয় প্রভাবের কারণে সরকার সঠিক পথে অগ্রসর হতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংকের ইস্যু বানানো হলে জনগণ সেই দলগুলোকে প্রত্যাখ্যান করবে।
দলটির মনোনয়ন বিক্রির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ বিভিন্ন পেশার মানুষ আগ্রহ দেখাচ্ছেন। জনগণের আগ্রহ বিবেচনায় ফরম বিক্রির সময় ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার মনোনয়নপত্র বিক্রির।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণভোটের নানা বিষয় রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। অথচ তারা চেয়েছিলেন সংস্কার পুরোপুরি বাস্তবায়ন হোক।