দেশের ছয়টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় ঝড়ের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ঝড়-বৃষ্টির কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।