বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ (সোমবার, ১৭ নভেম্বর) জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম রায় ঘোষণা করবে। রায়কে কেন্দ্র করে শুধু দেশের মধ্যে নয়, প্রতিবেশী ভারতেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভারতের বড় অংশের গণমাধ্যম সম্ভাব্য রায়ের প্রভাব এবং শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আজ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন, যার নেতৃত্ব দেবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলায় অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রায়ের আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছেন, রায় যা-ই হোক, ভারত তার মাকে নিরাপদে রাখবে। এই বক্তব্য ভারতের সংবাদমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সকাল সাড়ে দশটার দিকে ভারতের প্রধান সংবাদমাধ্যমগুলোর শীর্ষ খবরের মধ্যে চারটি এনডিটিভিতে, একটিতে হিন্দুস্তান টাইমসে, দুটি আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনে রয়েছে। দ্য হিন্দু রায়ের অগ্রগতি নিয়ে ‘লাইভ’ আপডেট দিচ্ছে।