সার্বিক পরিস্থিতি ও সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় রাজধানীর শাহবাগে জুমার নামাজের পর পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা থাকতে পারে জুলাইবিরোধী শক্তিগুলোর।
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, এনসিপি যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে অবস্থান নেয় এবং জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠী যাতে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলেও বিকেল চারটায় বাংলামোটর থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ আন্দোলন ও জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।