টানা ভারি বর্ষণ ও উজানের ঢলে রাজশাহীতে পদ্মার পানি অস্বাভাবিক হারে বাড়ছে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে হঠাৎ পানি বৃদ্ধির ফলে পদ্মাতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে প্রায় ১০০ পরিবার নিরাপদ আশ্রয়ে গেছে, চর এলাকা ডুবে যাওয়ায় অনেকে শহরমুখী হচ্ছেন।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৬টায় পদ্মার পানি ১৭.৪৩ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমা (১৮.০৫ মিটার)-এর কাছাকাছি। পানি বৃদ্ধিতে তালাইমারী, কাজলা, পঞ্চবটি, পাঠানপাড়া, লালনশাহ মঞ্চ ও শ্রীরামপুরসহ বহু এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা তালাইমারী ও পঞ্চবটিতে।
গোদাগাড়ী, পবা ও বাঘা উপজেলার চরের নিম্নাঞ্চলও ডুবে গেছে। চকরাজাপুরে ভাঙনে ঘরবাড়ি ও কবর নদীতে তলিয়ে যাচ্ছে। অনেক পরিবার গবাদিপশুসহ অন্যত্র চলে গেছে।
পানি বিপৎসীমায় পৌঁছানোয় রাজশাহীর জনপ্রিয় বিনোদনকেন্দ্র ‘টি-বাঁধ’-এ জনসাধারণের প্রবেশ সোমবার সন্ধ্যা থেকে নিষিদ্ধ করেছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, ভারতে অতিবৃষ্টি ও ফারাক্কার বেশিরভাগ কপাট খোলার কারণে পদ্মার পানি বেড়েছে। নিরাপত্তার স্বার্থে ‘টি-বাঁধ’-এ প্রবেশে কড়াকড়ি করা হচ্ছে।