রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে দুজন, মিরপুর থেকে চারজন, সাইবার বিভাগ থেকে ১৩ জন, মতিঝিল থেকে চারজন, ওয়ারী থেকে একজন, উত্তরা থেকে একজন, তেজগাঁও থেকে একজন, লালবাগ থেকে তিনজন এবং গুলশান বিভাগ থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি তানজিম ইব্রাহিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন ইউনিটের সক্রিয় নেতা ও কর্মী।
পুলিশ জানায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে তারা সরাসরি জড়িত ছিলেন। এছাড়া এসব কার্যক্রমে আর্থিক সহায়তা দেওয়ারও প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নাশকতা, জননিরাপত্তা বিঘ্ন ও অবৈধ রাজনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।