ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে মিছিল, স্লোগান বা উচ্ছ্বাস না করে সিজদায় পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে ভোটগ্রহণ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মহান রাব্বুল ইজ্জতের একান্ত মেহেরবানীতে যদি মজলুমদের বিজয় দান করা হয়, তাহলে তারা কোনো মিছিল বা স্লোগানে নয়, বরং সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকর আদায় করবেন।
তিনি আরও লেখেন, বিজয়ের পর উচ্ছ্বাস নয়, বরং বিনয়ের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবেন। তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য বিজয়কে তারা আত্মপ্রচারের উপলক্ষ না বানিয়ে তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও জাতির কল্যাণে নিবেদিত থাকার অঙ্গীকার হিসেবে দেখবেন।
এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে। নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও প্রতিক্রিয়া নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখন ডা. শফিকুর রহমানের এই অবস্থান ভিন্নমাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।