ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে তিনি সারা দেশের ভোটদানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এর আগে সকালে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আজ নতুন বাংলাদেশের জন্মদিন। এই নির্বাচনের মাধ্যমে অতীতকে বর্জন করেছি। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা আর নেই। আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেয়েছি।”
ড. ইউনূস দেশবাসীকে আহ্বান জানান, সারা দিনব্যাপী এই জন্মদিনের উৎসবে অংশ নিন এবং আনন্দ উদযাপন করুন। তিনি আরও বলেন, “প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আমরা সবাই গণভোটেও অংশ নেব। এতে সারাদেশের পরিবর্তন সম্ভব হবে।”