নোয়াখালীর বেগমগঞ্জে কার্তুজসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।মঙ্গলবার (৩০ডিসেম্বর) দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদকাশিমপুর এলাকায় নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজগুলো জুলাই আন্দোলনের সময় নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানা থেকে লুট হওয়া বলে পুলিশের ধারণা।
ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র মজুতের তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদকাশিমপুর থেকে বেতুয়া বাজার সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সংলগ্ন ঝোপ থেকে একটি বস্তার ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান, একটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও চার রাউন্ড শর্টগান কার্তুজ উদ্ধার করা হয়।
পরে জব্দ তালিকা মূলে এসব আলামত জব্দ করা হয়।ডিবি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন আলোকিত স্বদেশ কে জানান, অবৈধ অস্ত্রের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত এলজি, পাইপগান ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, উদ্ধারকৃত কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া কার্তুজের অংশ হতে পারে।
অস্ত্র ও কার্তুজের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য তদন্ত চলছে। উল্লেখ্য, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যত্থানের দিন নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় অগ্নিসংযোগ করে অস্ত্রাগার লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিন পুলিশসহ আটজন নিহত হয়।