জাতীয় নাগরিক পার্টিসহ তিন দলের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হবে।
জোটে অংশ নিচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের উদ্দেশ্যে আজ বিকেলে “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” ঘোষণা করা হবে।
মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তিনি আরও বলেন, জোটে উপস্থিত থাকবেন এই তিন দলের নেতারা। তবে জোটে আরও কারা থাকবে, তা এখনও প্রকাশ করা সম্ভব হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনও একই তথ্য নিশ্চিত করেছেন।