সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী (জামায়াত) পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট—এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা এ পরিসংখ্যান প্রকাশ করে। ইতোমধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ জন প্রার্থী দিয়ে পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট। গণঅধিকার পরিষদ পেয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ এবং জাতীয় পার্টি পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ ভোট।
মঙ্গলবার সকালে নির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শুক্রবার রাতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।