বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে এক দল “পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায়” কথা বলছে। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তারা এতই সোচ্চার, অথচ ২০০১–২০০৬ সালের বিএনপি সরকারের সময় একই সরকারের মন্ত্রী হিসেবে জামায়াতে ইসলামীও অংশ ছিল। তখনও তাদের দুজন মন্ত্রী ছিল।
তারেক রহমান বলেন, বিএনপি যদি সত্যিই দুর্নীতির চ্যাম্পিয়ন হয়ে থাকে, তাহলে জামায়াত কেন তখন পদত্যাগ করেনি? কারণ তারা জানতো যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে আপস করেননি এবং দুর্নীতি কমাতে উদ্যোগ নিয়েছিলেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, অনেক দল জনসভায় এসে অন্যদের সমালোচনা করে, কিন্তু এর মাধ্যমে দেশের উন্নয়ন হবে না। বিএনপি ছাড়া কারোর দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই।
তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। পাশাপাশি ভোটের হিসাব “কড়ায়–গণ্ডায়” বুঝে নিতে হবে এবং কেউ যাতে ভোট লুটপাট করতে না পারে, তার জন্য পাহারা দিতে হবে বলে বলেন।