ভোট গণনা সুষ্ঠু হলে বিএনপির বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। একই সাথে তিনি ভোটের চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশানের বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ভোট ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ ভোট পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে ও পরে বিভিন্ন স্থানে সহিংসতা এবং কারচুপির চেষ্টা হয়েছে, কিন্তু নিরাপত্তা বাহিনী ও জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছেন, তা গণতান্ত্রিকভাবে প্রতিফলিত হবে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল পরাজয়ের আশঙ্কায় নানা অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়েছে, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য শায়রুল কবির খান।