বাংলাদেশকে অস্থিতিশীল করে একটি ‘ফিলিস্তিন রাষ্ট্রে’ পরিণত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে ভারত।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ভবিষ্যতের বাংলাদেশে যদি কেউ আবার ওসমান হাদিদের ওপর হামলার চেষ্টা করে, তাহলে সেই বিদ্রোহের আগুন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আজও বাংলাদেশকে শকুনদের হাত থেকে মুক্ত করার জন্য আন্দোলন করতে হচ্ছে। আবারও সেই শকুনেরা বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে।
ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে। তার ভাষায়, বাংলাদেশকে ভারত একটি ফিলিস্তিন রাষ্ট্র বানাতে চায়।
নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। দেশে যোগ্য ও সাহসী নির্বাচন কমিশনারের কোনো অভাব নেই, কিন্তু রাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের একাংশের ভূমিকা নিয়েও কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নীল দলের পা-চাটা শিক্ষকদের ধরে ধরে বের করে দিতে হবে। মঞ্চে এক কথা বলে গোপনে সমঝোতা করে জাতীয় ঐক্য গড়া যায় না।
সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।