ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দেশজুড়ে খেলাধুলার বর্তমান ও সাবেক তারকারাও ভোটাধিকার প্রয়োগ করছেন। কারো কাছে এটি প্রথমবারের ভোট, আবার কারো কাছে উৎসবমুখর অভিজ্ঞতা।
জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন ফরিদপুর-৪ আসনের আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি, খুব সময় লাগেনি।’ যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামও ফরিদপুর-৩ আসনের ভোটার হিসেবে প্রথমবার ভোট দিয়েছেন। হকি দলের প্রস্তুতি চলায় ফেডারেশন খেলোয়াড় ও কোচদের ভোট দিতে ক্যাম্প থেকে ছুটি দিয়েছে।
তবে নারী ফুটবল লিগের শেষ রাউন্ডের ম্যাচের কারণে জাতীয় দলের ঋতুপর্ণারা ভোট দিতে পারেননি। লিগের বাইরে থাকা সাবিনা ও মাসুরারা ভোট দিয়েছেন।
জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুমও এবার প্রথমবার ভোট দিয়েছেন। তিনি খিলগাও মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে রোমাঞ্চ প্রকাশ করেন, ‘প্রথম সব কিছুই একটি ভিন্ন অনুভূতি। জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি।’
পুরান ঢাকার আরমানিটোলা স্কুল কেন্দ্রেও হকি খেলোয়াড়রা ভোট দিয়েছেন। সাবেক তারকা হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বলেন, ‘সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি।’ সাবেক ফুটবলার ও মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বাড্ডায় ভোট দিয়ে জানিয়েছেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। উৎসবের মধ্যে নির্বিঘ্নে ভোট প্রদান করেছি।’