1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? প্রথম দেখেই কাকের প্রেমে পড়ে গেছি: ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ভর্তুকির হারভেস্টার নিচ্ছে অতিরিক্ত ভাড়া, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ইউনূস, আসিফ নজরুল ও শফিকুল আলমদের বিরুদ্ধে মামলার আবেদন শুক্রবার নারায়ণগঞ্জে যাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারী

পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং এতে সরকার ও জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এই বাস্তবতায় পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ে সিলেট বিভাগের পাথর কোয়ারি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনাবাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা যৌথভাবে সিদ্ধান্ত নেবে। ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান অভিযানে নিয়মিতভাবে দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং সঠিক তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোথাও যৌথ অভিযান, আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর একক অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে সিলেট অঞ্চলের পাথর কোয়ারি বিষয়ে বৈঠকে পরিবেশ সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে ইকোলজিক্যালি ক্রিটিকাল এলাকা বাদ দিয়ে সীমিত পরিসরে পাথর কোয়ারি ইজারা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায়ের জরিপ রিপোর্ট তৈরির জন্য সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কমিটিতে সুনামগঞ্জ ও সিলেটের জেলা প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন পরিচালকসহ সংশ্লিষ্টরা থাকবেন। প্রয়োজনে কমিটি আরও বিশেষজ্ঞ সদস্য যুক্ত করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাথর আহরণ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের শেষ দিকে কমিটির রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এরপর আগামী মাসে আবারও এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park