নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় একটি অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) নোয়াখালী নাইস গেস্ট হাউজে আয়োজিত এ সভায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী মো. আহছানুল করিম (সোহেল)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী মো. আবদুল মতীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব খাতে সমন্বিত উদ্যোগ ছাড়া মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার ঋণ সমন্বয়কারী মো. তামজিদ উদ্দিন, ব্যবসা উন্নয়ন সমন্বয়কারী মো. রিজওয়ানুল আমিন খান, প্রকল্প সমন্বয়কারী (রেইজ) মো. সফিকুল আলম, প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, এলাকা সমন্বয়কারী জিহাদুল ইসলামসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ।
সভায় প্রকল্পের চলমান কার্যক্রম, অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে প্রকল্প কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাটি আয়োজন করে দ্বীপ উন্নয়ন সংস্থা এবং সহযোগিতায় ছিল পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। আয়োজকরা জানান, এ ধরনের পর্যালোচনা সভার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও নিশ্চিত হবে।
শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।