বাংলাদেশের ব্যাংকিং খাত যাতে নির্বাচনকালীন সময়ে কোনো প্রশাসনিক বিঘ্নের সম্মুখীন না হয়, সে লক্ষ্যেই ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক-কম্পানির কর্মকর্তা-কর্মচারীদের একান্ত জরুরি কারণ ছাড়া দেশের বাইরে ভ্রমণ না করার নির্দেশনা জারি করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে। এতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময় ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন ও স্থিতিশীল রাখতে সীমিত ভ্রমণনীতি কার্যকর করা জরুরি। তাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সব কর্মকর্তা-কর্মচারীদের অতি প্রয়োজন ছাড়া বিদেশ না যাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলমান পরিস্থিতিতে ব্যাংকিং খাতে কোনো শূন্যতা বা প্রশাসনিক জটিলতা তৈরি হতে না দেওয়াই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।