বাংলাদেশ থেকে হজ ফ্লাইট-২০২৬ এর প্রথম ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪১৯ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি-৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে সৌদি আরবের কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার (১৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।
স্বাগত জানানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের অপারেশন প্রধান ইহাহিয়া রাদি এবং সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
এদিকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। তাদের মতে, যাত্রার শুরু থেকেই পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। সৌদি আরবের ইমিগ্রেশন, বোর্ডিং পাসসহ প্রয়োজনীয় কার্যক্রম অল্প সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।
চলতি বছর হজযাত্রী পরিবহনে কাজ করছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও হজ ফ্লাইট পরিচালিত হবে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন।