দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন সন্দেহভাজন আরও ২ জন। ফলে নতুন করে এই রোগে মৃত্যু ও আক্রান্ত নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৬ এপ্রিল সকাল ৮টা থেকে ১৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন বরিশাল বিভাগের এবং একজন ঢাকা বিভাগের। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশু ঢাকা বিভাগের বলে জানানো হয়েছে।
এ সময়ে দেশে নতুন করে ১ হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১২৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৯২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে। এদের মধ্যে ১১ হাজার ২৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এছাড়া ওই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন আরও ১৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও জনসচেতনতা বাড়ানো জরুরি, না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।