নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে নেই কোনো বড় চমক। পাকিস্তানের বিপক্ষে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে যে স্কোয়াড খেলেছিল, একই দলকে এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বহাল রেখেছে বিসিবি।
শনিবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে মিরপুরে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে।
প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে আছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
সূচি অনুযায়ী নিউজিল্যান্ড ক্রিকেট দল আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি গড়াবে ২ মে মিরপুরে।
এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচ শুরুর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সিরিজের ৫০ ওভারের ম্যাচগুলো আগে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা চূড়ান্ত করা হয়েছে সকাল ১১টায়। একইভাবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে শুরু হবে দুপুর ৩টায়।