আজ (১ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৫০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় পরিচালিত অভিযানে সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অবস্থিত মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২)-এ লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জের জালকুরী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জৈনপুর ক্লিনিক-এ পৃথক অভিযানে হালনাগাদ লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উল্লেখ্য, দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।