রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় মঙ্গলবার (১২ নভেম্বর) গভীর রাতে পুলিশের ব্যারিকেড ও তল্লাশি অভিযান চালানো হয়েছে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। ধানমন্ডি ৩২ ছাড়াও ধানমন্ডির ২৭ নম্বর ও আবাহনী মাঠ সংলগ্ন এলাকায়ও একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এবং ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ধানমন্ডি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন মোড়ে পুলিশ ব্যারিকেড বসিয়ে গাড়ি ও যাত্রী তল্লাশি করছে। সন্দেহজনক মনে হলে ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “এটি নিরাপত্তাজনিত স্বাভাবিক কার্যক্রমের অংশ। ধানমন্ডি ৩২, ২৭ এবং আবাহনী মাঠ এলাকায় পুলিশের উপস্থিতি রয়েছে এবং গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।”
এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি বলেন, “রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রস্তুত আছে।”
তিনি আরও বলেন, “কয়েকটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে। ১৩ নভেম্বরের দিন রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে, যাতে কোনো অঘটন ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।”