ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনার পর চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। ইসি সূত্রে জানা গেছে, গেজেট আজই প্রকাশিত হতে পারে।
তিনি জানান, সারা দেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক গণনার ভিত্তিতে এবারের নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৯.৪৪ শতাংশ।
চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হয়েছে ২০৯টি আসনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে। এই তিনটি দলই ১১ দলীয় জোটে অন্তর্ভুক্ত।
এছাড়া ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী সাতটি আসনে বিজয়ী হয়েছেন।
ত্রয়োদশ সংসদের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে মোট ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন ভোট দিয়েছেন। ভোটের হার ছিল ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (৬৮.০৬%) এবং ‘না’ ভোট পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন (৩১.৯৪%)।
চূড়ান্ত ফলাফলে চট্টগ্রামের দুটি আসনের ফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এছাড়া এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন স্থগিত ছিল। তবে গণভোটের হিসাবসহ চট্টগ্রামের দুটি আসনের গণনা ফলাফলে যুক্ত করা হয়েছে।