রাজনীতিতে নতুন সমন্বয় গড়ে উঠল তিনটি দলের যৌথ উদ্যোগে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে একত্রিত করে আজ রবিবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ নতুন জোটের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিনের ঐক্যপ্রচেষ্টার ধারাবাহিকতায় তিনটি দল এক প্ল্যাটফর্মে এসেছে এবং এই প্রক্রিয়া আরও বিস্তৃত হবে। পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য দলকেও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্তে মানুষ অতিষ্ঠ। দেশ নতুন একটি রাজনৈতিক বিন্যাস চায় এবং সেই প্রত্যাশাকে সামনে রেখে তারা যৌথভাবে নতুন যাত্রা শুরু করেছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে এই তিন দল ঐক্যবদ্ধভাবে পথচলা অব্যাহত রাখবে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, তিন দলের মাধ্যমে এই জোটের সূচনা হলেও ভবিষ্যতে এটি আরও বিস্তৃত হবে বলে তারা বিশ্বাস করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ তিন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।