জাতীয়তাবাদের দোহাই দিয়ে রাজনীতি করা ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের জনগণকে সঙ্গে নিয়ে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিভিন্ন জায়গায় দেখা যায় কিছু দল দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এবং রাজনীতিতে নৈতিকতার দাবি তোলে, অথচ তাদের প্রার্থীদের বড় একটি অংশ বিদেশি নাগরিক। যারা এই দেশের একক নাগরিক নন, তাদের মুখে জাতীয়তাবাদের কথা শোনা জনগণের কাছে হাস্যকর বলেই মনে হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে যে জাতীয়তাবাদী রাজনীতি ছিল, তা এখন কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ। বাস্তবে এর আর কোনো প্রতিফলন নেই। অতীতে জনগণের টাকা লুট করা ও ব্যাংক ঋণখেলাপিদের মনোনয়ন দিয়ে সেই রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এখন সেই ঋণখেলাপিরা আবার ক্ষমতায় গিয়ে জনগণের অর্থ লুণ্ঠনের অপেক্ষায় আছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, জনগণ কি আবারও তাদের সেই সুযোগ দেবে—এই প্রশ্ন এখন দেশের মানুষের সামনে। নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি দল ক্ষমতায় থাকার সময় কৃষক ও শ্রমিকদের পেনশনের কথা বললেও তা বাস্তবায়ন করেনি। এখন তারা ফ্যামিলি কার্ড বা অন্য কোনো কার্ডের কথা বললেও জনগণ অভিজ্ঞতা থেকেই জানে, এসব প্রতিশ্রুতি তারা রক্ষা করবে না।
আসিফ মাহমুদ আরও বলেন, একদিকে তারা সংস্কারের কথা বলে, অন্যদিকে মাঠপর্যায়ে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালায়। এই দ্বিমুখী নীতি ও ভণ্ডামি বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই চিহ্নিত করে ফেলেছে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে জনগণই এসব ভণ্ড রাজনীতির জবাব দেবে এবং ঋণখেলাপি ও বিদেশি স্বার্থরক্ষাকারীদের স্পষ্টভাবে প্রত্যাখ্যান করবে।