1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গণভোটসহ ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ, বিরোধীদের নোট অব ডিসেন্ট – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

গণভোটসহ ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ, বিরোধীদের নোট অব ডিসেন্ট

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট অধ্যাদেশসহ ১১টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটির সরকার পক্ষের সংসদ সদস্যরা। তবে বিরোধীদলীয় তিন সদস্য এসব অধ্যাদেশ বহাল রাখার পক্ষে অবস্থান নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত আকারে সংসদে বিল হিসেবে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল আকারে উত্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অবশিষ্ট ২০টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ এখনই সংসদে বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই-বাছাই করে আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে। আর ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য দ্রুত সংসদে বিল আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার এসব অধ্যাদেশ জারি করে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে, যেখানে বিরোধী দলের ৩ জন সংসদ সদস্যও অন্তর্ভুক্ত ছিলেন।

কমিটি মোট তিনটি বৈঠক করে অধ্যাদেশগুলো পর্যালোচনা করে। প্রতিবেদনে বলা হয়েছে, অধ্যাদেশগুলো কোন প্রয়োজন ও প্রেক্ষাপটে জারি করা হয়েছিল তা জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের মতামত নেওয়া হয়।

তবে কমিটির সরকার দলীয় এবং বিরোধী দলীয় সদস্যরা ১৩টি অধ্যাদেশের বিষয়ে একমত হতে পারেননি। ফলে বিরোধী দলের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান এবং গাজী নজরুল ইসলাম এই অধ্যাদেশগুলোর ক্ষেত্রে নোট অব ডিসেন্ট প্রদান করেছেন।

প্রতিবেদনে সরকার পক্ষ যে ১১টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে, তার মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশ। এসব অধ্যাদেশ বাতিলের সুপারিশের বিপরীতে বিরোধী দলের সদস্যরা এগুলো বলবৎ রাখার প্রস্তাব দিয়েছেন।

এদিকে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ পাশের বিষয়ে সরকার পক্ষ ভিন্ন নীতি অনুসরণ করতে চায়। তবে বিরোধীদলীয় তিন সদস্য এই নীতি অপরিবর্তিত রেখে পাশের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে সরকার পক্ষ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ পাশের সুপারিশ করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park