বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আজ মধ্যরাতের পর বা সর্বোচ্চ কাল সকালেই তাঁকে লন্ডনে নেওয়া হবে। এই উদ্দেশে ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং লন্ডনে চিকিৎসার জন্য হাসপাতালও নির্ধারণ করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা এবং দলের দায়িত্বশীল ব্যক্তিসহ মোট ১৪ জন। তাদের মধ্যে রয়েছেন—পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারী), ফাতেমা বেগম ও রুপা শিকদার (গৃহকর্মী)।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বেগম জিয়া। গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। পরবর্তীতে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হচ্ছে।