কোটা আন্দোলনের এক বছর : ঢাবিতে ‘রাজাকারের নাতি–পুতি’ মন্তব্যের প্রতিবাদে মিছিল
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকারের নাতি–পুতি’ মন্তব্যের এক বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী মিছিল করেছে।
সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মিছিলে শিক্ষার্থীরা “তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার”, “কোটা না মেধা, মেধা মেধা”সহ বিভিন্ন স্লোগান দেন।
২০২৪ সালের ১৫ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ একাধিকবার হামলা চালায়। ওই হামলায় সারাদেশে চার শতাধিক শিক্ষার্থী আহত হন, যার মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই আহত হন ২৯৭ জন। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন হাসপাতালেও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।
এর আগের দিন, ১৪ জুলাই বিকেলে সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতি–পুতি’ বলে কটাক্ষ করেন। তার ওই মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। রাত ১১টার পর বিভিন্ন আবাসিক হল থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন।