শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার একটি আপত্তিকর মন্তব্যের ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। পুরোনো ওই ভিডিওটি আবার ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়, যা মুফতি আমির হামজার নজরেও আসে।
এ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মুফতি আমির হামজা। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি তার বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন এবং অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করেন।
স্ট্যাটাসে মুফতি আমির হামজা লেখেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে যে বক্তব্যটি এখন আলোচনায় এসেছে, সেটি ২০২৩ সালের একটি পুরোনো বক্তৃতা। সে সময় একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ হিসেবে নামটি উল্লেখ করায় তিনি ভুল করেছিলেন এবং তখনই দুঃখ প্রকাশ করেছিলেন। এখন নতুন করে ভিডিওটি ছড়িয়ে পড়ায় তিনি পুনরায় দুঃখ প্রকাশ করছেন বলেও জানান।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরোনো বক্তব্য সামনে এনে এটিকে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচার করার চেষ্টা করছেন। তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা নিজেদের দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ব্যবহার করতে দ্বিধা করেননি বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে আসল অপরাধী কে—সে বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
সবশেষে মুফতি আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।