আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ফেরদৌস আলম নামে এক যুবকের সাথে বন্ধু সুলভ আচরণে জুস সেবনে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নেয় যাত্রীবেশের দুর্বৃত্তরা। গত সোমবার (৯ মার্চ) রাত ৯ টার দিকে কিশোরগঞ্জ
সদর ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী সেচ ক্যানেল ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ইজিবাইক চালক নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর কাচারী বাজার গ্রামের এমদাদুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শহরের পেট্রোল পাম্প এলাকায় দুর্বৃত্তরা যাত্রীবেশে ফেরদৌস আলমের ইজিবাইকে চড়ে বড়ভিটার দিকে রওনা দেন।
পথিমধ্যে চেংমারী ব্রীজ এলাকার জনশূন্য জায়গায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে বন্ধু সূলভ আচরণে জুস সেবন করান।পরে চালক অচেতন হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ফিরোজ আলী বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময়ে দেখি তিনি অচেতন হয়ে পড়ে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
পরে কিছুটা সুস্থ হলে তিনি জানায় তাকে জুস সেবনে অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি, ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে।