বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কয়েকদিনের উদ্বেগের পর অবশেষে স্বস্তির খবর জানিয়েছে তার মেডিকেল বোর্ড। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে এবং এতে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। রোববার রাতে মেডিকেল বোর্ড নিশ্চিত করে জানিয়েছে, সিটিস্ক্যান রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক এসেছে, যা তার চিকিৎসা অগ্রগতি সম্পর্কে নতুন আশা জাগাচ্ছে।
এর আগে শারীরিক জটিলতা না কমায় তার বিদেশযাত্রার সিদ্ধান্ত দুই দফায় পিছিয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে তাকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা থাকলেও চিকিৎসকেরা এখন আপাতত তা স্থগিত রেখেছেন। তিনি এখন এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
গত ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার পাকস্থলির জটিলতা থাকায় গতকাল তার এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও দ্রুতই তা নিয়ন্ত্রণে আসে বলে চিকিৎসকরা জানায়। দেশি–বিদেশি বিশেষজ্ঞ নিয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে।
চিকিৎসকরা বলেছেন, সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক আসায় তার চিকিৎসা পরিকল্পনা আরও সুসংগঠিত করতে সুবিধা হবে। পরিবার, দলের নেতাকর্মী এবং সমর্থকেরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাচ্ছেন।