আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতায় যাবে না। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জুলাই স্পিরিটে আলোকিত’ পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, দেশে আসন বণ্টনের রাজনীতি শেষ হওয়া উচিত। বড় দলের কাছে ছোট দলগুলোকে মাথা নত করলে চলবে না, বরং নিজেদের মেরুদণ্ডকে দৃঢ় করতে হবে। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি এবং ধর্মভিত্তিক রাজনীতির দিন শেষ—এ সময় নতুন করে রাষ্ট্রগঠনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, এনসিপি সরকার গঠন করলে বা সরকারে অংশ নিলে প্রাইভেট সেক্টরে শুক্র–শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে। তিনি অভিযোগ করে বলেন, অতীতে সরকারি-বেসরকারি চাকরিতে দলীয় দাসত্ব, পরিবারতন্ত্র ও তোষামোদের মাধ্যমে পোস্টিং ও নিয়োগ হয়েছে, যা শেষ করতে হবে।
মিডিয়া মালিকানা প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের অধিকাংশ ব্যবসায়ী এখন মাফিয়ায় পরিণত হয়েছে। সাংবাদিকরা ন্যায্য সম্মান পান না, তাদের বেতনে পকেট খরচও তোলা কঠিন হয়ে পড়ে।
ভারতকে উদ্দেশ করে এনসিপির মুখ্য সমন্বয়ক সতর্কবার্তা দিয়ে বলেন, নির্বাচনে কোনো ধরণের হস্তক্ষেপের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। দক্ষিণ এশিয়ায় বিজেপির সন্ত্রাসমুখী রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এনসিপি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।