বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার ৭৮ বছরের জীবনে তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আজকের বাংলাদেশ সেই স্বপ্নের সঙ্গে মিলছে না। তিনি বলেন, সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ দেখার জন্য। কিন্তু আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কখনো দেখিনি। আমি জানি না, আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি।
সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মির্জা ফখরুল বলেন, এই হামলা কোনো একটি সংবাদপত্র বা দুটি মিডিয়া হাউসের ওপর নয়, এটি সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত। তিনি বলেন, স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর আবারও আঘাত এসেছে। এই আঘাত জুলাইযুদ্ধের চেতনার ওপর আঘাত। জুলাইযুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই অর্জনের জায়গাতেই আঘাত করা হচ্ছে।
তিনি আরও বলেন, এখন আর কোনো দলীয় চিন্তা বা রাজনৈতিক বিভাজনের সময় নেই। দল নয়, ব্যক্তি নয়—সব গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার সময় এসেছে। যারা অন্ধকার থেকে আলোতে আসতে চায়, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তাদের শুধু সচেতন হলেই চলবে না, এখন রুখে দাঁড়াতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, এই সময় শুধু একাত্মতা প্রকাশ বা প্রতীকী মানববন্ধন যথেষ্ট নয়। দেশের সর্বক্ষেত্রে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা এই দেশকে অরাজকতা ও অপশক্তির হাতে তুলে দিতে চান না, তাদের সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে। এখনই সেই সময়।