নির্বাচন কমিশন (ইসি) তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চূড়ান্ত পর্যালোচনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়া হবে।
ইসি এখন দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। যদি কোনো দাবি-আপত্তি না আসে, তবে চূড়ান্তভাবে এই দলগুলো নিবন্ধন পাবে। এবছর ইসির নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলকে মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হয়। এরপর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
এনসিপি প্রতীকের জটিলতা এবং বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম সম্পর্কিত সংবাদ প্রকাশের পর ইসি আবারও ১০টি দলের অধিকতর যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ের তদন্ত চালায়। এরপর একাধিক বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন তদন্তে পাঠানো দলগুলোর মধ্যে রয়েছে: আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয় লীগ।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে।