ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদা দাবির জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, আশুলিয়ার বাইপাইলের বগাবাড়ী এলাকায় সমির সুপার মার্কেটে অবস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি ও বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সংগঠনের কর্মী দুলালী আক্তার এবং আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, মামুন মন্ডল (৪৫) ও আব্দুস সালাম (৩৫)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দীর্ঘদিন ধরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে কার্যালয়ে প্রবেশ করে। তারা অফিসে ভাঙচুর চালায়, গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে এবং দুলালী আক্তারের সঙ্গে অসদাচরণ করে।
পরে ঘটনাস্থলে গেলে নাজমুল হকের ওপরও হামলা চালানো হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এছাড়া, চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দুলালী আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের ওপর চাঁদার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। দাবি না মানায় এ হামলা চালানো হয়েছে।”
নাজমুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকে মারধর করা হয় এবং আমার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।”
কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, “কিছুদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। তা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।”
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।