চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী অক্টোবরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
রোববার (১৭ আগস্ট) মামলার চতুর্থ দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোট চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে। এ নিয়ে ৮১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
আন্দোলনে আহত নাঈম শিকদার আদালতে সাক্ষ্যে জানান, তার শরীরে এখনো পাঁচ শতাধিক স্প্রিন্টার রয়েছে এবং কিডনি, লিভার ও স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়ে তিনি এখনও ভুগছেন। আরেক সাক্ষী আবদুস সামাদ মাথার পেছনে গুলি লাগা এবং চিকিৎসায় অবহেলার বর্ণনা দেন।
এদিন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
এ ছাড়া রামপুরা, মোহাম্মদপুর ও আশুলিয়ার আরও তিনটি মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলায় প্রসিকিউশন সময় আবেদন করলে তদন্ত রিপোর্ট দাখিলের সময় পিছিয়ে দেন ট্রাইব্যুনাল।