1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে এবং গণমাধ্যমের স্বাধীন ভূমিকা নিশ্চিত করতেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে তথ্য জানান।

অতিরিক্ত প্রেসসচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তার সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে এবং প্রধানমন্ত্রী নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন। গণমাধ্যমে দেশের যে বাস্তব চিত্র উঠে আসে, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে নোয়াব সদস্যদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর পর নোয়াব সদস্যদের সঙ্গে এ ধরনের মতবিনিময়ের আয়োজন করার কথা জানান। একই সঙ্গে তিন মাস পর পর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতে নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বক্তব্য দেন। তিনি সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট ও বিদ্যমান সমস্যা তুলে ধরে এসব সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

নোয়াব সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তারা ২০০১ সালে বিএনপি সরকারের সময় সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, বর্তমানে সংবাদপত্র শিল্প রুগ্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় বিভিন্ন সময়ের বিপুল সরকারি বিজ্ঞাপন বিল বকেয়া থাকার কথাও উল্লেখ করে নোয়াব নেতারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চান।

বৈঠকে বিগত অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার এবং গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন নোয়াব নেতারা। তারা এ বিষয়ে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

দুপুর ২টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং পরে তাদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন। বিএনপি সরকার গঠনের পর নোয়াবের সঙ্গে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

এছাড়া নোয়াবের সহ-সভাপতি এ এস এম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রকাশক নাসিম মনজুরসহ বিভিন্ন সংবাদপত্রের মালিক ও সম্পাদকরা বৈঠকে অংশ নেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park