পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।
সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার-এর নেতৃত্বে ঈশ্ববরদী উপজেলার দাশুড়িয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ সংরক্ষণের দায়ে বিভিন্ন ফার্মেসির মালিকদের জরিমানা করা হয়। এর মধ্যে ওষুধ বিপণীর স্বত্বাধিকারী আসাদুল ইসলামকে ৫ হাজার টাকা, হক ফার্মেসির স্বত্বাধিকারী সিরাজুল ইসলামকে ২ হাজার টাকা এবং খোকন পল্ট্রি ফার্মেসির স্বত্বাধিকারী খোকনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দাশুড়িয়া বাজারে পরিচালিত এ অভিযানে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ মজুত রাখার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত অবৈধ ওষুধ ধ্বংস করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. ফারুক হোসেন।