সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে দেওয়া মর্যাদার মেয়াদ ছয় মাস কমিয়েছে সরকার। ফলে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রদত্ত নিরাপত্তা সুবিধা এক বছর থেকে কমিয়ে ছয় মাস করা হয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সে সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনে এসএসএফ নিরাপত্তা সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মধ্য দিয়ে শেষ হয় অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনকাল। এরপর প্রায় আড়াই মাসের মাথায় ড. ইউনূসকে দেওয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ মর্যাদার মেয়াদ কমিয়ে ছয় মাসে সীমিত করা হলো।