অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধে গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তার নামে কোনো দুর্নীতির অভিযোগ থাকলে তা প্রমাণসহ সংসদে উপস্থাপন করতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্যের পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, ‘নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে? নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন? আমি সেই প্রমাণ তাদের কাছে চাচ্ছি।’
তিনি বলেন, সংসদ সদস্য তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের কথা বলেছেন। অথচ অন্তর্বর্তী সরকারে তিনি অল্প সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন এবং নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছেন। নাহিদ ইসলাম বলেন, যারা এখন সরকারে আছেন, তাদেরই এসব অভিযোগ প্রমাণ করতে হবে। জাতীয় সংসদে যেহেতু বক্তব্য এসেছে, সেহেতু এর প্রমাণ সংসদেই উপস্থাপন করা উচিত।
নিজেকে নবীন সংসদ সদস্য উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তার বয়স ২৮ বছর এবং মঙ্গলবার তার জন্মদিন। তিনি বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, কোনো পরিচয়ের জোরে সংসদে আসেননি। তিনি আরও বলেন, সংসদের প্রতিটি সদস্যই সম্মান ও মর্যাদা প্রত্যাশা করেন, তাই নবীন সদস্যরাও একই সম্মান পাওয়ার অধিকার রাখেন।
পরে সংসদের স্পিকার বলেন, ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কারো নাম উল্লেখ করে বক্তব্য দেননি, তিনি শুধু তরুণ সদস্যদের প্রসঙ্গ তুলেছেন।