অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে বিদায় করেছে, তবে দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের জন্য প্রয়োজনীয় হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। তিনি মন্তব্য করেন, এই অবহেলা জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইউনিসেফ সহযোগিতা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংস্থাটি দ্রুততার সঙ্গে হামের ভ্যাকসিন পাঠিয়েছে, ফলে সরকার প্রয়োজনীয় টিকা হাতে পেয়েছে। তিনি জানান, প্রায় দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে।
এদিকে রোগ নির্ণয়ের জন্য কিটের সংকট রয়েছে বলেও স্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু কিট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে এবং একটি কিট দিয়ে তিন শিশুকে পরীক্ষা করা সম্ভব হতে পারে। এছাড়া কিছু কিট বর্তমানে ঢাকার কাস্টমস ও বিমানবন্দরে আটকে রয়েছে বলেও জানান তিনি। বিষয়টি দ্রুত সমাধানে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলে সংসদে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।