দেশের পাঁচটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাস অনুযায়ী, দুটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে এবং তিনটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলেও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতার অংশ হিসেবে ওই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়ার এমন সতর্কবার্তার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি জনসাধারণকে ঝড়-বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।