দেশের চারটি জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে চলাচলে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকস্মিক ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে জনজীবন ও নৌযান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।