আলোচিত এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি কৃতজ্ঞতার সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। কোন রাজনৈতিক দল থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা তিনি উল্লেখ করেননি।
পোস্টে তাসনিম জারা বলেন, সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা নিয়ে অনেকেই তাকে নিয়ে সহানুভূতি ও দুঃখ প্রকাশ করেছেন, যার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সংরক্ষিত আসনে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। তার মতে, সংসদে গিয়ে জনগণের স্বার্থে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না, তবে তিনি আগে থেকেই ঐকমত্য কমিশনে মত দিয়েছেন যে সংরক্ষিত নারী আসন জনগণের সরাসরি ভোটে হওয়া উচিত, দলীয় মনোনয়নের মাধ্যমে নয়।
তিনি আরও বলেন, এই অবস্থানের পক্ষে তিনি যুক্তি তুলে ধরেছেন এবং ক্যাম্পেইনও করেছেন। তিনি মনে করেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই প্রকৃত জবাবদিহিতার মধ্যে থাকেন এবং জনগণের স্বার্থ সঠিকভাবে রক্ষা করতে পারেন। তাসনিম জারা আরও উল্লেখ করেন, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং অল্প সময়ের প্রচারণায় ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। তার দাবি অনুযায়ী, নির্বাচনের দিন অনিয়মের দলিল সংরক্ষণ করা হলেও তিনি ফলাফল মেনে নিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে সংসদে গেলে তিনি জনগণের ভোটেই যেতে চান এবং সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাবেন।