ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের দাবির ভিত্তিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে মরদেহ সংরক্ষণ করার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।
এতে আরও জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এ কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
ইনকিলাব মঞ্চ তাদের পোস্টে ছাত্র-জনতাকে শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। কোনো গোষ্ঠী যেন অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
পোস্টে আরও বলা হয়, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।