যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর ৯ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে একই পরিবারের পাঁচ ভাই রয়েছেন। তারা হলেন টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে হাজী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি। এছাড়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন এবং মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেনও বিএনপিতে যোগ দেন।
নতুন সদস্যরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক জীবনের নতুন যাত্রায় তারা সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “যোগদানকারীরা আগে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বিএনপির কর্মকাণ্ড ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা আমাদের দলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছি।”